আর্কাইভ
ads
logo

যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পি.এম
যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

ads

বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করেছে মাঠের বাইরেও। আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন সাবেক ইংলিশ তারকা জো কোল। একই সময়ে আর্জেন্টিনার দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে প্রশংসা ও সমালোচনা—দুই ধরনের মন্তব্য করেছেন গ্যারি নেভিল।

আর্জেন্টিনা এবং বিশেষ করে লিওনেল মেসির প্রশংসায় অতীতে বহুবার সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। একসময় তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে মূল্যায়ন করেছিলেন। তার মতে, ক্যারিয়ারে অর্জনের মতো প্রায় সবকিছুই জিতে নেওয়ায় মেসি নিশ্চিন্তে ঘুমাতে পারেন।

তবে এবার সেমিফাইনালকে সামনে রেখে ভিন্ন সুরে কথা বলেছেন তিনি। মেসির প্রতি সম্মান বজায় রেখেই জো কোল বলেছেন, ‘আমরা জানি ওদের শক্তি কোথায়। কিন্তু আমার মনে হচ্ছে, আমরাই তাদের হারাব। ভেতর থেকে আমি সেটাই অনুভব করছি।’

এদিকে আলোচনায় যোগ দিয়েছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে তার নজর ছিল না মেসির দিকে; বরং আর্জেন্টিনার রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়েই নিজের মূল্যায়ন তুলে ধরেন তিনি।

নেভিল বলেন, এই দুই ডিফেন্ডারকে একই সঙ্গে বিশ্বের ‘সেরা’ এবং ‘সবচেয়ে বাজে’ সেন্টার-ব্যাক জুটি বললেও ভুল হবে না। তার ভাষায়, ‘এক মুহূর্তে ওরা এমন কিছু করবে, যা দেখে মনে হবে বিশ্বের সেরা ডিফেন্ডার। আবার পরের মুহূর্তেই এমন ভুল করবে, যা বিশ্বাস করা কঠিন।’

তবে সমালোচনার পাশাপাশি তাদের লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন নেভিল। তিনি বলেন, ‘আপনার মনে হবে, ওরা বুঝি প্রতিপক্ষকে গোল উপহার দেবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন, ওরাই হেডে বল ক্লিয়ার করছে, গুরুত্বপূর্ণ ট্যাকল করছে কিংবা গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই ওদের মধ্যে অন্যরকম কিছু কাজ করে।’

নেভিলের মূল্যায়নে যেমন দুই ডিফেন্ডারের দুর্বলতার ইঙ্গিত রয়েছে, তেমনি তাদের মানসিক দৃঢ়তা ও লড়াই করার সক্ষমতারও প্রশংসা রয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের কাছে রোমেরো-লিসান্দ্রো জুটির এই বৈপরীত্যই তাদের অন্যতম বড় বৈশিষ্ট্য। ঝুঁকি নেওয়ার মানসিকতা, আক্রমণাত্মক ডিফেন্ডিং এবং শেষ পর্যন্ত দলকে রক্ষা করার দৃঢ় সংকল্পই তাদের আলাদা পরিচয় তৈরি করেছে।

সেমিফাইনাল শুরুর আগেই তাই মাঠের বাইরের আলোচনা বেশ জমে উঠেছে। একদিকে জো কোলের দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারাতে সক্ষম হবে। অন্যদিকে গ্যারি নেভিলের বিশ্লেষণে উঠে এসেছে আর্জেন্টিনার রক্ষণভাগের শক্তি ও দুর্বলতার দুই ভিন্ন দিক।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ