শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

অবরোধ প্রত্যাহারের পরও বন্ধ সাজেক ভ্রমণ, কবে খুলবে অনিশ্চিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্থানীয় দুটি সংগঠনের ডাকা অবরোধ প্রত্যাহার করা হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে যাতায়াত বন্ধ থাকবে।

অবরোধ প্রত্যাহারের পরও বন্ধ সাজেক ভ্রমণ, কবে খুলবে অনিশ্চিত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্থানীয় দুটি সংগঠনের ডাকা অবরোধ প্রত্যাহার করা হলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে যাতায়াত বন্ধ থাকবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আটকা পড়েন অনেক পর্যটক। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর রোববার বিকেলে অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে এরপরও সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখে জেলা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ সাজেক ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

খাগড়াছড়ির বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁর ভাষ্য, ওই এলাকায় কিছুদিন ধরে অস্থিরতা চলছে।

সাজেকে অভিযান চালানোর সম্ভাবনা কতটা

অবরোধ আহ্বানকারী সংগঠন দুটির অভিযোগ, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা নেতৃত্বাধীন অংশ সাজেক এলাকায় সশস্ত্র তৎপরতা ও চাঁদাবাজি চালাচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে তারা।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদে অবরোধের ডাক দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংগঠন দুটি। প্রশাসনের কাছ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর তারা ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন শিথিল করেছে। তবে কী ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশাসন কিংবা আন্দোলনকারীদের কাছ থেকে বিস্তারিত জানা যায়নি।

অভিযোগের বিষয়ে জনসংহতি সমিতির বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির এক নেতা একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রশাসন অবরোধকারীদের বুঝিয়েছে, কর্মসূচি অব্যাহত থাকলে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ বাড়বে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, অবরোধকারীরা খাবার গ্রহণ বন্ধ করে দিয়েছিলেন। পরে রোববার বিকেলে নিরাপত্তা বাহিনী তাঁদের খাবার খাওয়ানোর উদ্যোগ নিলেও তাঁরা খাবার ফিরিয়ে দেন বলে জানা গেছে।

ওয়াদুদ ভূঁইয়ার ভাষ্য, অবরোধ আহ্বানকারী সংগঠন দুটির প্রতি পার্বত্য চট্টগ্রামের আরেক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থন রয়েছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধ প্রত্যাহারের পরও পর্যটকদের সাজেকে প্রবেশ করতে না দেওয়া এবং সেখানে অবস্থানরত পর্যটকদের নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশের পেছনে সম্ভাব্য কোনো অভিযানের প্রস্তুতি থাকতে পারে।

তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “যারা জেএসএস-এর বিরুদ্ধে অভিযানের দাবি করছে, তারা নিজেরাও তো সশস্ত্র। একটি সশস্ত্র দলের কথায় আরেকটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায় না।”

তাঁর মতে, এখন অভিযান চালানো হলেও তা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হতে পারে, যা দেশের ভাবমূর্তির জন্য ভালো হবে না। কোনো একটি দল কিংবা উভয় দলের বিরুদ্ধে অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তিনি এখন পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে অভিযান চালানোর সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানতে পারেননি বলেও জানান।

সাজেক কবে খুলবে

রোববার সকাল থেকে অবরোধের কারণে সাজেকের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে অনেক পর্যটক আটকা পড়েন।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনার পর রোববার সন্ধ্যার দিকে সংগঠন দুটি অবরোধ প্রত্যাহার করে নেয়। এর পরপরই সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

রোববার সন্ধ্যায় জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন জানান, সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতেও একই নির্দেশনা দেওয়া হয়।

সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, সোমবার সকালেও সেখানে প্রায় এক হাজার পর্যটক অবস্থান করছিলেন। বিকেলের মধ্যে পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য হয়ে যাওয়ার কথা।

সাজেক কবে খুলে দেওয়া হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, “এটা প্রশাসনই বুঝবে আসলে। এটার ঠিক-ঠিকানা নাই। প্রায়ই এভাবে বন্ধ হয়...কখনো ১০ দিন বন্ধ থাকে, কখনো ১৫ দিন, কখনো দুই-তিন দিন।”

তিনি আরও বলেন, “ইউপিডিএফ-জেএসএস'র দ্বন্দ্বের কারণেই এটা বারবার হয়...এটার সুস্থ সমাধান কবে যে হবে...আমরাও হতাশ। আমাদের যখনই ব্যবসার মৌসুমটা আসে, তখন এই সমস্যার সৃষ্টি হয়। আমরা এর সমাধান চাই। কারা কী চাচ্ছে, সবার কথা বিবেচনা করে সরকারও এগিয়ে আসুক।”

সাজেকের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা জানতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “আমরা লিখেছি অনিবার্যকারণবশত, কোনো নিরাপত্তা ঝুঁকির কথা লিখিনি। যেটা চিঠিতে লিখেছি, সেটাই আমার বক্তব্য।”

তিনি আরও বলেন, “আমি পর্যটনের বিষয়টা দেখি। লোকজন যাতায়াত করছে। লোকজন ভিন্ন জেলা থেকে আসে। আমি আমাদের অংশটুকু নিয়ে বলছি। বাকি বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারছি না।”

সাজেক ঘিরে অস্থিরতার কারণ কী

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেক দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত। অন্যদিকে, এই এলাকায় জনসংহতি সমিতির সন্তু লারমা নেতৃত্বাধীন অংশের তেমন কার্যক্রম বা প্রভাব ছিল না।

তবে সাম্প্রতিক বছরগুলোতে সাজেকে পর্যটন ব্যবসার ব্যাপক প্রসার ঘটেছে। সেখানে গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট ও কটেজ। ফলে পর্যটনকেন্দ্রটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সাজেকের পর্যটন ব্যবসা থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। তাঁদের দাবি, প্রতিটি রিসোর্ট থেকে মাসে অন্তত ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির অর্থ সংগ্রহের প্রধান ক্ষেত্র রাঙামাটি, আর ইউপিডিএফের ক্ষেত্রে খাগড়াছড়ি। সাজেক প্রশাসনিকভাবে রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও সেখানে যেতে হয় খাগড়াছড়ি হয়ে। এলাকাটিতে ইউপিডিএফের দীর্ঘদিনের প্রভাব রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।

স্থানীয় ওই ব্যক্তিদের ধারণা, সাজেকের পর্যটন ব্যবসা থেকে আয় এবং এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ঘিরেই সম্প্রতি দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বক্তব্য পাওয়া যায়নি।