দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ‘পতিত ফ্যাসিবাদী শক্তি’র পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে—কোনো পক্ষের ষড়যন্ত্র বা নীলনকশাই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে— কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাঁদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারের কাছে তোলা হচ্ছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা তৈরির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সফলভাবে সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি; বরং বাহিনীর সদস্যরাই আহত হয়েছেন। তাঁদের এমনভাবে উসকানি দেওয়া হয়েছে, যেন তাঁরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসেন এবং সেটিকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হয়। সরকার সচেতনভাবে সেই সুযোগ দেয়নি বলেও জানান তিনি।
শিল্পাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কিছু এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উৎপাদন ও রপ্তানি যেন ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যেন বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে।
শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছেন বলে সরকার লক্ষ্য করেছে। তবে সেই চেষ্টা সফল হয়নি।
সংসদে দাঁড়িয়ে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি মূল্যায়নে তুলনামূলক পরিসংখ্যান বিবেচনার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, অপরাধের সংখ্যা তুলনা করতে হলে আগের বছরের একই সময়ের তথ্যও সামনে আনতে হবে। তাঁর দাবি, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় (হত্যাকাণ্ডের) এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত বুধবার সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বক্তব্য দেবেন, যেন যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।