রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেগুলোকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রতিনিধিত্বশীল চিত্র হিসেবে দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো ধরনের ‘ষড়যন্ত্র’ সফল হতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাতের অন্ধকারে অথবা ভোরে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে বা দুয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটালেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দুয়েকটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ— এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে— এমন বলা যায় না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নেওয়া জরুরি। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি। চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এ অবস্থানকে স্বাগত জানাই। বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।