শনিবার, 3 অক্টোবর 2026
সকল বিভাগ

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের পক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। একসময় আবু লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
চিত্র: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাবু ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রি করতেন। আহত দুজন হলেন রুবেল (৩০) ও মিরাজ (২০)। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের পক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। একসময় আবু লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

শুক্রবার বিকালে আবু লালের পক্ষের কয়েকজন ওই বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বাবুর বড় ভাই রুবেল ও অপরপক্ষের মিরাজ। পরে গুরুতর আহত বাবুকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এ আর এম আল মামুন বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আহত মিরাজকে আটক করা হয়েছে।