ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, শুধু রাস্তাঘাটের আবর্জনাই নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও পরিবেশ নষ্ট করছে। এ সময় তিনি উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় পথ দেখিয়েছে। দেশের বর্তমান অবস্থার পরিবর্তনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।
পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
তবে শুধু ডাস্টবিন বসালেই পরিচ্ছন্নতা নিশ্চিত হবে না বলে জানান তিনি। শিক্ষার্থীদেরও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন হতে হবে। কোনো শিক্ষার্থী যেন রাস্তায়, টিএসসির সামনে কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়লা না ফেলেন, সেটি নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ভাসমান হকারদের নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন আবদুস সালাম। তিনি হকারদের একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দেন।
তিনি বলেন, শহীদ মিনার বাংলাদেশের ঐতিহ্য ও গর্বের জায়গা। কোনোভাবেই এই স্থানটি অপরিচ্ছন্ন রাখা যাবে না।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অন্য কেউ এসে এই দায়িত্ব পালন করে দিতে পারে না; নিজের ভেতর থেকেই এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
উপাচার্য আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মসূচি শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান শেষে যেন এক টুকরো পলিথিন, টিস্যু বা বাদামের খোসাও পড়ে না থাকে, সে দায়িত্ব সবাইকে নিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মোজাফফর আলফেছানী, প্রক্টর ইসরাফিল রতন, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ছাত্রদল নেতৃবৃন্দ ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কলাভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ক্যাম্পাসে স্থাপিত নতুন ডাস্টবিন উদ্বোধন করা হয়। পরে পরিচ্ছন্নতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কারের কাজ শুরু করেন।
রাজনীতি
উদীয়মান নেতাদের মনের আবর্জনাতেও পরিবেশ নষ্ট হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, শুধু রাস্তাঘাটের আবর্জনাই নয়, উদীয়মান নেতাদের মনের আবর্জনাও পরিবেশ নষ্ট করছে। এ সময় তিনি উদীয়মান নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান।