জামায়াতে ইসলামী ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়। এ অবস্থায় দলটির উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারা উচিত নয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। তাঁর দাবি, জামায়াত ইসলাম ও ইসলামী মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে।
তিনি বলেন, জামায়াতের বিভিন্ন কার্যক্রম ও কথাবার্তায় ইসলামের সঙ্গে এক ধরনের দ্বিচারিতা রয়েছে। এমন আচরণ জামায়াতের কাছ থেকে দেশের মানুষ প্রত্যাশা করে না।
রাশেদ খান আরও বলেন, মাঠে-ময়দানে জামায়াত যে ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, তা নিয়ে জাতি বিভ্রান্ত হচ্ছে। হেফাজতে ইসলামের আমিরও সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন। সহযোগিতা না করে সাত মাসের সরকারের বিরুদ্ধে কেন লংমার্চ—এ প্রশ্ন তিনি করেছেন।
হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে পরাজিত করেছিল, তাদের সবার দায়িত্ব সেই ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠন করা।
তবে তাঁর দাবি, এই মুহূর্তে রাষ্ট্র পুনর্গঠনে জামায়াতে ইসলামের কোনো মনোযোগ নেই। বরং কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, ইসলামকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং ‘মোনাফেকি’ করা যায়, সে চেষ্টা করছে জামায়াত।
রাশেদ খান বলেন, হেফাজতে ইসলাম জামায়াতের কথিত ‘মোনাফেকি আচরণের’ বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে এবং ইসলামের এক ধরনের কাণ্ডারি হিসেবে কাজ করছে। এ জন্য তিনি হেফাজতে ইসলামের আমির ও সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, জামায়াতের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। তাঁর দাবি, জামায়াতের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত ‘মোনাফেকি আচরণ’ ছাড়া অন্য কোনো আচরণ দেখা যায়নি।
রাশেদ খান বলেন, জামায়াত একদিকে সরকারকে সহযোগিতা করার কথা বলছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলন করার চেষ্টা করছে। এ নিয়ে সবার মধ্যে সন্দেহ-সংশয় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের ভাষার মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। জামায়াত ডিসেম্বর মাসকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তাঁরাও রাজপথে থাকবেন। ডিসেম্বরে কারা সরকার পতনের আন্দোলন শুরু করে, সেটি তারা দেখতে চান বলেও জানান তিনি।
তিনি বলেন, যারা এই সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে কিংবা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে।
সৌজন্য সাক্ষাতের বিষয়ে রাশেদ খান বলেন, জুমার দিনে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাঁর দোয়া নিয়েছেন। হেফাজতের আমির বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন।
এ ছাড়া বিএনপি ও বাংলাদেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির।
এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির
আল্লামা আইয়ুব বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার রহমত উল্লাহ, গণঅধিকার নেতা তৌহিদ, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, বিএনপি নেতা জাহাঙ্গীর, যুবদল নেতা মোজাহারুল ইকবাল লাভলু, ছাত্রদল নেতা মহি উদ্দিন মেসি ও জিয়া মঞ্চের নেতা ওহিদুল আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজনীতি
ইসলামের বুকে ছুরি মারবেন না: জামায়াতের উদ্দেশে রাশেদ খাঁন
জামায়াতে ইসলামী ইসলামি রাজনীতি করে বলে দাবি করছে এবং শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়। এ অবস্থায় দলটির উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারা উচিত নয়।