মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

বাস্তবতা বিবেচনায় জানুয়ারি-জুনের মধ্যে স্থানীয় নির্বাচন: ইসি সচিব

বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সেটিই নেওয়া হবে।

বাস্তবতা বিবেচনায় জানুয়ারি-জুনের মধ্যে স্থানীয় নির্বাচন: ইসি সচিব

‎বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেখানে সেটিই নেওয়া হবে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনেসকোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।
‎
‎জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইসির পরিকল্পনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, এখনো কমিশন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গত ১৭ সেপ্টেম্বর একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন মতামত ও নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে। ইসির কর্মকর্তারাও বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। তাই এসব প্রস্তাবের ভিত্তিতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়।
‎
‎ইসি সচিব বলেন, মন্ত্রী জানুয়ারি থেকে জুনের কথা বলেছেন। এটি একটি ভালো রেফারেন্স হিসেবে পাওয়া গেল। সেই রেফারেন্সের ভিত্তিতে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া যেতে পারে। বিষয়টি তিনি কমিশনে জানাবেন বলেও জানান। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত মন্তব্য করার সময় হয়নি বলে উল্লেখ করেন তিনি।
‎
‎স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিষয়টি ভবিষ্যতের ব্যাপার। নির্বাচনের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
‎
‎আখতার হোসেন বলেন, যেকোনো নির্বাচন ব্যবস্থাপনায় সবাই সুস্থ ও সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করে। গত ১২ ফেব্রুয়ারি একটি ভালো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেটিই প্রত্যাশার জায়গা তৈরি করেছে। এখন সেই প্রত্যাশার জায়গা আরও ওপরে নেওয়া হবে, নিচে নামানো হবে না।
‎
‎তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোথায় যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেখানে সেই প্রয়োজনীয় ব্যবস্থাই নেওয়া হবে।
‎
‎স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতটা এগিয়েছে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আগে প্রস্তুতির সংজ্ঞা বুঝতে হবে। ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় উপাত্ত ও উপকরণগুলো কী কী, সেগুলোও বিবেচনায় নিতে হবে।
‎
‎তিনি বলেন, ভোটার তালিকা রয়েছে, ভোটের উপকরণ আছে এবং ভোটকেন্দ্রও রয়েছে। এখন স্থানীয় বাস্তবতাগুলো বুঝে নেওয়া প্রয়োজন।
‎
‎স্থানীয় বাস্তবতা বলতে কী বোঝানো হচ্ছে—এ বিষয়ে আখতার হোসেন বলেন, এসএসসি পরীক্ষা, রোজা, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিসহ আরও অনেক বিষয় রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সমাধানে আসা হবে।