যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরান একটি ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্রের সাহায্যে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
সম্ভাব্য এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে মতপার্থক্য রয়েছে যে, এমন হামলা বাস্তবায়নের সক্ষমতা ইরানের আছে কি না এবং বাস্তবে তারা এই পথে হাঁটবে কি না। এ বিষয়ে অবহিত সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম সিএনএন এই খবর প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের এই পরিকল্পনাটি এখনই কোনো চূড়ান্ত বা তাৎক্ষণিক হামলার প্রস্তুতি নয়, বরং ভবিষ্যতের জন্য বিভিন্ন বিকল্প তৈরি করে রাখার একটি কৌশল। তবে গোয়েন্দা তথ্যে সম্ভাব্য লক্ষ্যবস্তু ও স্থানের সুনির্দিষ্ট বিবরণ পাওয়া গেছে। এই তথ্য সামনে আসার পর, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে জরুরি ভিত্তিতে একাধিক বিকল্প প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, সম্ভাব্য যেকোনো হুমকির দিকে যুক্তরাষ্ট্রের কড়া নজর রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, বর্তমানে দেশের ভেতরে হামলার কোনো বিশ্বাসযোগ্য বা সুনির্দিষ্ট হুমকি নেই।
অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যগুলোকে ইরানের সংঘাত বাড়ানোর প্রবণতার একটি উদ্বেগজনক সংকেত বলে মনে করছেন। তাদের ধারণা, একদিকে মার্কিন সামরিক হামলা এবং অন্যদিকে কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে পিষ্ট ইরান পাল্টা জবাব হিসেবে খোদ মার্কিন ভূখণ্ডেই আঘাত হানার পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইরানের ওপর আরোপিত এই অর্থনৈতিক চাপকে ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।
গোয়েন্দা সূত্রগুলোর দাবি, ইরান যে হামলা বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এমন কোনো অকাট্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের হামলা চালানোর জন্য প্রয়োজনীয় জনবল বা নেটওয়ার্ক ইরানের আছে কি না, তা নিয়েই বড় ধরনের বিতর্ক রয়েছে।
সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতি নিয়ে গত এক সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক জরুরি বৈঠক করেছেন। একটি সূত্র এই ধরনের প্রস্তুতিকে ‘সময়োপযোগী ও বিচক্ষণ’ বলে আখ্যায়িত করেছে। এমনকি ইরানের হুমকির কারণে মার্কিন সিক্রেট সার্ভিস গত সপ্তাহে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে সামরিক নিরাপত্তার আওতায় থাকা বাসস্থানে সরিয়ে নিয়েছে।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অপ্রচলিত অস্ত্রের সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশ নাজুক অবস্থানে রয়েছে। সাধারণত প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে ডার্টি বোমা তৈরি করা হয় এবং এটি তৈরি করা তুলনামূলকভাবে সহজ। এ কারণে ইরানকে বাইরে থেকে প্রশিক্ষিত হামলাকারী যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। বরং দেশের ভেতরে অবস্থানরত কাউকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করানো সম্ভব।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বোমা তৈরির উপকরণ মজুত করার বিষয়ে ইরানি পক্ষের কিছু কথোপকথন গোয়েন্দারা শনাক্ত করেছেন। যদিও এই তথ্যের শতভাগ সত্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে দ্বিমত রয়েছে, তবে তাদের ধারণা, যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান আগে থেকেই মজুত করে রাখা ইরানের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। এমনকি এসব উপাদান ইতিমধ্যেই দেশটিতে মজুত থাকতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা উল্লেখ করেছেন, গত প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রের সীমান্ত ব্যবস্থা যেভাবে অরক্ষিত ছিল, তাতে হামলাকারীদের ভেতরে প্রবেশ করানো এবং বিস্ফোরক বা সরঞ্জাম সংগ্রহ করা বেশ সহজ ছিল। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রে তেজস্ক্রিয় পদার্থ যে আগে থেকেই মজুত রয়েছে, এমনটা অনেকেই বিশ্বাস করেন এবং এসব উপাদান কয়েক দশক ধরেও সেখানে থাকতে পারে।
একটি সূত্রের মতে, এই ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা রাতারাতি বদলায়নি, বরং তাদের হামলা চালানোর পেছনে যে কারণ বা প্রণোদনা, তাতে পরিবর্তন এসেছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের এক মুখপাত্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ বেআইনি বলে মনে করে এবং এ ধরনের বানোয়াট অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে। তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক নয়। এটি মূলত তেজস্ক্রিয়তা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয়। ডার্টি বোমার মূল আঘাতটি আসে এর বিস্ফোরণ থেকে, তেজস্ক্রিয়তার কারণে নয়। এটি তৈরি করা সহজ হলেও, প্রধান চ্যালেঞ্জ হলো তেজস্ক্রিয় উপাদান সংগ্রহ করা।
সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপরও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিক হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষামূলক সরঞ্জাম এবং প্রশিক্ষণ নেই। এই পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন কূটনৈতিক এবং গোয়েন্দা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি প্রস্তুতি শুরু হয়েছে।