সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে। তাঁদের একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। নিহত অপরজন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় সেখানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। হামলায় দুই বাংলাদেশি নিহত হন।
নাসরুল্লাহ বদরপুরি ওমরাহ পালনের উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা ছেড়েছিলেন। তাঁর ভগ্নিপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল।
নাসির উদ্দিনের ভাষ্য অনুযায়ী, রিয়াদে পৌঁছানোর পর নাসরুল্লাহর প্রায় দুই ঘণ্টা ট্রানজিট ছিল। সেখান থেকে অন্য একটি ফ্লাইটে তাঁর মক্কায় যাওয়ার কথা। ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময়ই হামলার ঘটনা ঘটে বলে ওমরাহ দলের অন্য সদস্যদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন।
ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক নাসরুল্লাহ যে দলের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন, সেই দলে মোট ৪৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩২ জন হামলায় অক্ষত ছিলেন বলে জানান তাঁর ভগ্নিপতি।
তিনি বলেন, ‘কিন্তু উনি মারা গেলেন। আরেকজন যিনি মারা গেছেন তিনি সৌদি আরবেই কাজ করতেন। একজন দুই পা হারিয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি আমরা।’
নাসরুল্লাহর পরিবারে তাঁর বাবা, মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছেন।
আহত চার বাংলাদেশি নিবিড় পরিচর্যায়
রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় কিং খালিদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাঁদের জেলা ও পরিবারের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, হামলায় নিহত বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, ‘এর আগেও যখন হুথিরা আক্রমণ করেছিল, সেখানে কিন্তু বাংলাদেশের একজন নিহত হয়েছিলেন, এখন দুজন নিহত হলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছি। আমরা আশা করব যে এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।’
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, হতাহতদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসীরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে বাংলাদেশ মিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হতাহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সরকার।
ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল
বিমানবন্দরে হামলার পর কার্যক্রম ব্যাহত হওয়ায় রোববার ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।
হামলার সময় বিমানবন্দরে অবস্থান করলেও আক্রান্ত হননি, এমন বাংলাদেশি যাত্রীদের দুটি হোটেল ও একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাখা হয়েছে বলে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবরের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার নিন্দা বাংলাদেশের
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত যেকোনো হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে শত্রুতা বন্ধ এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় নিহত ১২ জনের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে।
এর আগের দিন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে দুটি হামলায় পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হয়েছেন। এর আগে ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় আরও তিনজন নিহত হন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এসব হামলা চালানোর অভিযোগ করেছে সৌদি কর্তৃপক্ষ।