জ্বালানি তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, রাসায়নিক দ্রব্য এবং বিস্ফোরক বহনকারী অন্তত ৫০টি বাণিজ্যিক নৌযানে সাইবার আক্রমণের ঘটনায় ইরানকে মূল সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এসব ডিজিটাল নাশকতার নেপথ্যে তেহরানের কোনো হাত রয়েছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিবর্গের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক জলসীমায় সাইবার তৎপরতার মাধ্যমে তেহরান সংঘাতের ক্ষেত্র প্রসারিত করছে কি না, সেই শঙ্কা থেকেই যুক্তরাষ্ট্র এই তদন্ত চালাচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাইবার আক্রমণের কবলে পড়া বেশ কয়েকটি নৌযানে হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এমনকি কিছু জাহাজকে লক্ষ্য করে সরাসরি বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মার্কিন গোয়েন্দারা এই ঘটনার প্রাথমিক সন্দেহভাজন হিসেবে ইরানকে চিহ্নিত করলেও এর পেছনে মস্কোর পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। যদিও ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন যে, এই সাইবার হামলায় ইরানের সরাসরি জড়িত থাকার সপক্ষে কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত মার্কিন তদন্তকারীদের হাতে আসেনি।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহের মধ্যে সাইবার হামলার শিকার অন্তত চারটি জাহাজ মার্কিন জলসীমার কাছাকাছি চলে এলে সেগুলোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষিত করতে বিশেষজ্ঞ দল মোতায়েন করে দেশটির কোস্ট গার্ড। নৌযানগুলো মার্কিন বন্দরে নোঙর করার পূর্বেই সম্ভাব্য যেকোনো বিপদ এড়াতে এবং কারিগরি ঝুঁকি হ্রাস করতে এই বিশেষ দলগুলো নিরলসভাবে কাজ করে।
এ ছাড়া সাইবার হামলায় আক্রান্ত বাকি জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি ইউরোপ ও এশিয়া মহাদেশের উপকূলবর্তী সমুদ্রপথে চলাচল করছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল