শনিবার, 3 অক্টোবর 2026
সকল বিভাগ

‎মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ঘিওরে ৭ ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: ঘিওরে ৭ ফার্মেসিকে জরিমানা

‎মানিকগঞ্জের ঘিওর বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বৃহস্পতিবার বিকেলে ঘিওর বাজারে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ড্রাগ সুপারিনটেনডেন্ট মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং আইন অমান্য করে ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারায় সাতটি মামলা করা হয়।
‎
‎সাতটি ফার্মেসির মধ্যে মেসার্স মনির মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মানিক মেডিকেল হল ও আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
‎
‎এ ছাড়া শাওন ফার্মেসি, আলম মেডিকেল কর্নার ও মনোয়ার ফার্মেসিকে ৩ হাজার টাকা করে এবং কাজল মেডিকেল কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সাতটি ফার্মেসির জরিমানার মোট পরিমাণ ৪৬ হাজার টাকা।
‎
‎অভিযানে উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা-পুলিশ সহযোগিতা করে।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।