কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম লায়লা জাহান নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মৃত্যু হয়।
নাবিলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এক যৌথ শোকবার্তায় উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবার যেন ধৈর্য ও মানসিক শক্তি লাভ করে, সে প্রার্থনাও করেন তারা।