বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026
সকল বিভাগ

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা

বিগত দুই মাসেরও অধিক সময় ধরে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করে আসছেন।

চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদ নিয়ে চলমান অস্থিরতার স্থায়ী নিষ্পত্তি না হওয়ায় পুনরায় সর্বাত্মক শাটডাউনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় দাপ্তরিক কাজ স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আন্দোলনকারীদের ভাষ্যমতে, বিগত দুই মাসেরও অধিক সময় ধরে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ এই সময়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোনো ফলপ্রসূ উদ্যোগ দৃশ্যমান হয়নি। এর ফলে শিক্ষাজীবনের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক শৃঙ্খলায়ও গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যার চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক শাটডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সভা শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিবাদী মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, টানা দুই মাস ধরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে শামিল থাকলেও সংকট নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সর্বাত্মক শাটডাউন শুরু করা হচ্ছে।

নতুন এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করবেন শিক্ষার্থীরা। অন্যদিকে, একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য সংক্রান্ত বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের পূর্বতন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউনের কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন অচলাবস্থা চলার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হয়েছিল। কিন্তু মূল সংকটের নিরসন না হওয়ায় প্রায় এক মাসের মাথায় আবারও একই ধরনের কঠোর কর্মসূচিতে ফিরলেন শিক্ষার্থীরা।