মানিকগঞ্জের জাগীর এলাকায় একটি পরিত্যক্ত কারখানার গোডাউনে গোপনে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় নয়জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৩টি ঘোড়ার জবাই করা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে একজনকে এক বছর এবং অন্য আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ জাগীর এলাকার পুরোনো কারখানাটিতে অভিযান চালায়। তখন গোডাউনের ভেতরে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের কাজ চলছিল। সেখান থেকেই নয়জনকে আটক করা হয়। প্রশাসনের ভাষ্য, এসব মাংস ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেলে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুনের নেতৃত্বে পরিচালিত ওই আদালতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের অভিযোগে তাঁদের সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুন জানান, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই নয়জনকে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য ভাড়া করেছিলেন। প্রস্তুত করা মাংস ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেলে পাঠানোর পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রিক্তা খাতুন বলেন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারা লঙ্ঘনের কারণে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়জনের মধ্যে একজন অন্যদের একত্র করে কাজটির সমন্বয় করছিলেন। এ কারণে তাঁকে এক বছরের ও অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ড পাওয়া নয়জন হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার ইমন হাসান ও তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার ইব্রাহিম খলিল, ঢাকার বাড্ডা এলাকার মাসুদ জানা, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার মারুফ।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিক্তা খাতুনের সঙ্গে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন ও পুলিশের সদস্যরা ছিলেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, সংশ্লিষ্ট আইনের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়েছে। সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই নয়জনকে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য ভাড়া করেছিলেন। তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।