মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদক উদ্ধার, নারীসহ আটক ৮৪

রাজধানীর খিলক্ষেত পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন ধরনের মাদক ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদক উদ্ধার, নারীসহ আটক ৮৪
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন ধরনের মাদক ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার ভোরে রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ হাউজিং-১ এলাকায় তিনতলা বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে রাতভর ডিজে পার্টি, মাদক সেবন ও মাদকের কারবার চলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল অভিযান চালায়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বাড়িটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে প্রত্যাহার করে ওএসডি করার আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিবির কর্মকর্তারা জানান, অভিযানে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির বলেন, বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো। একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

বাড়ির মালিকের বক্তব্য

বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বলেন, পুলিশ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে ভাড়ার জন্য তালিকাভুক্ত রয়েছে। জন্মদিনের অনুষ্ঠান কিংবা গায়েহলুদের মতো আয়োজনের জন্য বাড়িটির দুই কাঠার ছোট উঠান ভাড়া দেওয়া হয়।

তিনি বলেন, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম নির্ধারণ করা আছে। সেখানে কোনো অবৈধ কর্মকাণ্ড, মাদক বা মদ পাওয়া গেলে জরিমানা করার কথাও উল্লেখ রয়েছে। এয়ারবিএনবি ও ট্রাভেলার—দুই প্ল্যাটফর্মেই এসব শর্ত দেওয়া আছে। ভাড়া নিতে আসা ব্যক্তিদেরও বারবার সতর্ক করা হয়।

ভাড়া দেওয়া বাড়িতে মালিকের অজান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে এর দায় বাড়িওয়ালার ওপর বর্তানো উচিত কি না, সে প্রশ্নও তোলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “আপনার ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে। আপনি একজনকে ভাড়া দিলেন। সে আড়ালে অপরাধ কর্মকাণ্ড করছে, সেই অপরাধের দায়তো তার। বাড়িওয়ালা কীভাবে সেটা সামাল দেবে? যখন জানতে পারবে, তখন তাকে আর ভাড়া দেবে না, কালো তালিকাভুক্ত করবে অথবা বের করে দেবে।”