মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইউকেএমটিও জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা আগুন লাগার খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তরে জাহাজটিকে দেখা গেছে। খাসাব শহরটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। এ কারণে এই অঞ্চলে কোনো জাহাজে হামলা বা দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। অনুমতি ছাড়া এই নৌপথ দিয়ে চলাচলের অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।
এর জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজে আগুন লাগার সর্বশেষ ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে জাহাজটির পরিচয়, আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে চলমান সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।