রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রত্যাশার সীমা ছাড়িয়ে জিটিএ-৬, গেমের জগতে নতুন আলোচনার জন্ম

রকস্টার গেমসের তৈরি গেমটি চলতি সপ্তাহে মুক্তির পর এমন অসংখ্য খুঁটিনাটি বিষয় দিয়ে খেলোয়াড়দের চমকে দিয়েছে। ১৩ বছরের অপেক্ষা এবং আনুমানিক ১০০ কোটি ডলার ব্যয়ের পর গেমটি ঘিরে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল, মুক্তির পর তা ছাড়িয়ে গেছে।

প্রত্যাশার সীমা ছাড়িয়ে জিটিএ-৬, গেমের জগতে নতুন আলোচনার জন্ম
ছবি: সংগৃহীত

একটি ভিডিও গেমে কত কিছুই না করা যায়! শোবার ঘরের দেয়ালে রং করা, সমুদ্রের গভীরে ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ দেখা কিংবা পাখি শনাক্ত করে সেগুলোর তালিকা তৈরি করা—সবই সম্ভব ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ-৬-এ। চাইলে ৬২ ধরনের পাখিও শনাক্ত করা যায়। আবার আগের গেমগুলোর মতো ব্যাংক ডাকাতি কিংবা গাড়ি চুরির সুযোগও রয়েছে। তবে এবার কিছুটা সতর্ক থাকতে হবে। কারণ, পুলিশের বুদ্ধিমত্তা আগের চেয়ে বেড়েছে। এমনকি গাড়ির জ্বালানি শেষ হয়ে গেলে স্টেশন থেকে তেলও নিতে হবে।

রকস্টার গেমসের তৈরি গেমটি চলতি সপ্তাহে মুক্তির পর এমন অসংখ্য খুঁটিনাটি বিষয় দিয়ে খেলোয়াড়দের চমকে দিয়েছে। ১৩ বছরের অপেক্ষা এবং আনুমানিক ১০০ কোটি ডলার ব্যয়ের পর গেমটি ঘিরে যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল, মুক্তির পর তা ছাড়িয়ে গেছে। মেটাক্রিটিকে গেমটির স্কোর ১০০-এর মধ্যে ৯৯, যা এখন পর্যন্ত প্রকাশিত গেমগুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। গেমটি নিয়ে প্রায় সব দিক থেকেই প্রশংসা এসেছে।

ব্রিটেনের ম্যানচেস্টারের ৩৪ বছর বয়সী সংগীত প্রযোজনা বিভাগের শিক্ষক ব্র্যান্ডন নাইটিঙ্গেল রকস্টার গেমসের দীর্ঘদিনের ভক্ত। জিটিএ-৬ খেলার পর তাঁর মনে হয়েছে, এত দিনের অপেক্ষা সার্থক হয়েছে।

নাইটিঙ্গেল বলেন, “আমার মনে হচ্ছে, আমি সত্যিই এত দিন ধরে অপেক্ষা করেছি এবং অবশেষে এটি এসেছে। আমার কাছে তারা যা করতে পারত, তার আদর্শ সংস্করণই এটি।”

গেমটির বিশাল পরিসর তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে খেলার সময় কী করবেন, তা-ও ঠিক করতে পারছেন না। তাঁর কথায়, “গেমটির মধ্যে এত কিছু রাখা হয়েছে যে আমি ভাবছি, এরপর কী করব? কোনো মিশনে যাব, নাকি দোকানে যাব? গত রাতে আমি শুধু গাড়ি চালিয়েছি। আমি আসলে এই দুনিয়াটাকে উপভোগ করছিলাম।”

শুধু সাধারণ খেলোয়াড় নন, প্রতিদ্বন্দ্বী গেম নির্মাতারাও জিটিএ-৬-এর প্রশংসা করেছেন। ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ ও ‘দ্য উইচার’ সিরিজের নির্মাতা পোল্যান্ডের প্রতিষ্ঠান সিডি প্রজেক্ট রেডের যৌথ প্রধান নির্বাহী মিখাল নোভাকোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে রকস্টার গেমসকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রতিষ্ঠানটি “একটি অসাধারণ সৃষ্টি” করেছে। আগামী কয়েক সপ্তাহ ও মাস ধরে তিনি গেমটি ঘুরে দেখার পরিকল্পনা করছেন বলেও জানান।

জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ারও গেমটির মুক্তি উদ্‌যাপন করেছে। ‘পালওয়ার্ল্ড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার কর্মীদের জন্য অফিসে সুশি পার্টির আয়োজন করে। পাশাপাশি গেমটি উপভোগের জন্য কর্মীদের পাঁচ দিনের ছুটিও দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এই সময়কে “গেমিংয়ের নতুন যুগ” হিসেবে অভিহিত করেছে।

মুক্তির প্রথম দিনেই রেকর্ড

জিটিএ-৬-এর সাফল্যে সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা রকস্টারের মালিকানা প্রতিষ্ঠান টেক-টু ইন্টার‌্যাকটিভ সফটওয়্যার এবং গেম কনসোল নির্মাতা সনি ও মাইক্রোসফটের। তবে এর প্রভাব শুধু এসব প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভিডিও গেম নিয়ে সাধারণত গণমাধ্যমে যে পরিমাণ আগ্রহ দেখা যায়, এবার তার চেয়ে অনেক বেশি মনোযোগ তৈরি হয়েছে। ফলে পুরো গেমিং শিল্পেই নতুন গতি আসতে পারে।

রকস্টার শুক্রবার জানিয়েছে, মুক্তির প্রথম দিন শেষে জিটিএ-৬-এর খুচরা বিক্রির পরিমাণ রেকর্ড ৩৭৯ কোটি ডলারে পৌঁছেছে। মুক্তির আগেই অনেক খেলোয়াড় গেমটি ডাউনলোড করে রেখেছিলেন। সামনে ছুটির মৌসুম থাকায় বিক্রি আরও বাড়তে পারে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গেমটির প্রায় ৭৫ শতাংশ বিক্রি হয়েছে প্লেস্টেশন ৫-এর জন্য। বাকি বিক্রি হয়েছে এক্সবক্স সিরিজ এক্স ও এস-এর জন্য। কম্পিউটার সংস্করণ আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

ডান্ডির ছোট কার্যালয় থেকে যাত্রা

আজকের জিটিএ-৬ দেখে বিশ্বাস করা কঠিন, এত বড় আয়োজনের শুরু হয়েছিল স্কটল্যান্ডের ডান্ডির একটি ছোট কার্যালয়ে।

গেম সাংবাদিক টম রেগানের ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে সেখান থেকেই ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের যাত্রা শুরু হয়। তখনকার জিটিএ ছিল ওপর থেকে দেখা যায় এমন একটি সরল, আর্কেডধর্মী গেম। শুরুতে পুলিশ ও ডাকাতের লড়াইভিত্তিক গেম তৈরির পরিকল্পনা ছিল। পরে নির্মাতারা বুঝতে পারেন, পুলিশ হয়ে খেলার চেয়ে বিশৃঙ্খলা তৈরি করাই বেশি মজার।

রেগানের ভাষায়, সেই রসিকতাপূর্ণ ও কিছুটা অমার্জিত গেমই আজ ইতিহাসের অন্যতম বড় বিনোদনমূলক পণ্যে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি ইন্টার‌্যাকটিভ গল্প বলার ধরনকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর মতে, জিটিএর বিবর্তন ভিডিও গেমের শিল্প, বাণিজ্য ও সাংস্কৃতিক বিকাশেরও একটি উদাহরণ।

লুসিয়ার হাত ধরে বদলাচ্ছে জিটিএ

জিটিএ-৬-এর গল্পের পটভূমি ‘লিওনিডা’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে ভিত্তি করে তৈরি এই কাল্পনিক অঞ্চলে দুই প্রধান চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভালের গল্প এগিয়ে যায়। তারা অপরাধজগতের দুই সহযোগী এবং একই সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িত। তাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হবে, তা অনেকটাই নির্ভর করবে খেলোয়াড়ের সিদ্ধান্তের ওপর।

গেমটির অন্যতম বড় পরিবর্তন লুসিয়া। জিটিএ সিরিজে এবারই প্রথম একজন নারীকে পূর্ণাঙ্গ প্রধান চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। এতে গেমারদের পরিবর্তনশীল ধরনও প্রতিফলিত হয়েছে। গেমটি মুক্তির আগে বেইনের এক জরিপে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জিটিএ-৬-এর খেলোয়াড়দের প্রায় ৪০ শতাংশ নারী হতে পারেন।

টেনেসি বিশ্ববিদ্যালয়ের নক্সভিল ক্যাম্পাসের অধ্যাপক তোরে ওলসন বলেন, জিটিএর শুরুর কয়েক দশকে গেমটি মূলত তরুণ পুরুষদের জন্য তৈরি করা হতো এবং তাঁরাই বেশি খেলতেন। সে সময়ের গেমগুলোতে নারীদের উপস্থাপন ছিল যৌন আবেদননির্ভর। তাঁদের চরিত্রে বৈচিত্র্য বা গভীরতাও খুব একটা ছিল না।

সময়ের সঙ্গে জিটিএর গ্রাফিকস ও খেলার ধরনে পরিবর্তন এসেছে। পাশাপাশি সমাজের প্রতিফলনেও বদল ঘটেছে। তবে মার্কিন সংস্কৃতিকে ব্যঙ্গ করার পুরোনো প্রবণতা এখনো ধরে রেখেছে সিরিজটি।

মায়ামিতে বুধবার সন্ধ্যায় জিটিএ-৬-ভিত্তিক এক ক্রীড়া অনুষ্ঠানে মিয়া পাজান বলেন, তিনি আগে ‘ভাইস সিটি’, ‘সান আন্দ্রেয়াস’ ও ‘জিটিএ ৪’ খেলেছেন। এবার লুসিয়ার চরিত্রে তিনি নিজের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

মিয়া বলেন, “আমি লাতিনা। আর এখন এখানে আসার কারণ হলো, অবশেষে আমরা মূলধারার গেমে প্রকৃত হিস্পানিক প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি। ব্যক্তিগতভাবে লুসিয়ার সঙ্গে আমার অনেক মিল খুঁজে পাই।”

তবে গেমটির এই পরিবর্তন সবাই ইতিবাচকভাবে নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু খেলোয়াড় জিটিএ-৬-এর আরও অন্তর্ভুক্তিমূলক চরিত্র ও গল্পের সমালোচনা করেছেন। কেউ কেউ একে ‘ওক’ বলে মন্তব্য করেছেন। জেসনের জন্য লুসিয়ার প্রতি যত্নশীল ও সহায়ক প্রেমিক হওয়ার সুযোগ রাখার বিষয়টিও কারও কারও অপছন্দ হয়েছে।

তবে এসব সিদ্ধান্তের অনেকটাই শেষ পর্যন্ত খেলোয়াড়ের হাতে থাকছে। সম্পর্কের বিভিন্ন দিক থেকে শুরু করে অপরাধে জড়িয়ে পড়া—গেমে কোন পথে এগোবেন, তা অনেকটাই ঠিক করতে পারবেন খেলোয়াড় নিজেই।

নাইটিঙ্গেলের কাছে অবশ্য এসবের চেয়েও গুরুত্বপূর্ণ গেমটির তৈরি করা বিশাল জগৎ। তাঁর মতে, পুরোনো জিটিএ গেমগুলোর বিশৃঙ্খল পরিবেশ কিংবা অনলাইন খেলার ধরন হয়তো কিছু খেলোয়াড়ের বেশি পছন্দ হবে। কিন্তু তিনি চান ভিন্ন অভিজ্ঞতা।

নাইটিঙ্গেল বলেন, “অন্যরা হয়তো সেটা চাইবে। কিন্তু আমার মতো কেউ কেউ তারা যে দুনিয়া তৈরি করেছে, তার মধ্যে পুরোপুরি ডুবে যেতে চায়।”