মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে এবং নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া এ ধরনের ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে।
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: 8001000125
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: 8001000126
ডিপ্লোমেটিক উইং: 8001000124
মৃত্যুসংক্রান্ত হটলাইন: +966570212180
এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলার পর কয়েকটি দেশ তাদের নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এ বিষয়ে ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।
হুতিদের হামলার পর আজ সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।