ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলাকালে দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ একাধিক রাজনৈতিক নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের বাধা ও ধরপাকড়ের মধ্যে দুপুর ১টা পর্যন্ত অন্তত ৩ হাজার ৩০০ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘জন্তর মন্তর ২.০’ কর্মসূচির আয়োজন করে সিজেপি। আয়োজকদের দাবির মধ্যে ছিল প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম বাতিল এবং নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইনে পরিবর্তন আনা।
দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটির কয়েকজন সংসদ সদস্যকে আটক করে পুলিশ। এদিকে দিল্লি হাটের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়।
ইউটিউবার ধ্রুব রাঠিকে তাঁর গুরুগ্রামের বাসা থেকে আটক করার খবর পাওয়া গেছে। একই কর্মসূচিকে কেন্দ্র করে মুম্বাইয়ে আটক করা হয় তুষার গান্ধীকে। এ ছাড়া কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ সিপিআই(এম)-এর একাধিক নেতাকে আটক করা হয়েছে।
দিল্লির বাংলা সাহিব গুরুদুয়ারার আশপাশ থেকেও ৬০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। সিজেপির আইনবিষয়ক উপদেষ্টা রত্না সিংকেও আটক করার খবর পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে জন্তর মন্তর এলাকার আশপাশ থেকেই ৫০০ জনের বেশি ছিলেন। বিক্ষোভের জন্য জন্তর মন্তরে সমাবেশের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এরপর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের আটক করা হয়।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বন্ধ এবং নির্বাচন কমিশনার নিয়োগের আইন পরিবর্তনের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন স্থানে পুলিশের ব্যাপক তৎপরতা ও ধরপাকড়ের ঘটনা ঘটে।