ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত স্থানগুলো হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।
এত দিন কেন্দ্রীয় দিল্লির উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সেখানে আর বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠনের বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দিয়ে এ-সংক্রান্ত আদেশ জারি করেছেন দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার।