শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

দুর্গাপূজায় ছুটি বেড়ে ৫ দিন, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান দেওয়া হয়। এবার ট্রাস্টের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার দুর্গাপূজার অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে।

দুর্গাপূজায় ছুটি বেড়ে ৫ দিন, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী
চিত্র: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় সরকারি ছুটি এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। একই সঙ্গে দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য চাহিদার চেয়ে এক কোটি টাকা করে বেশি অনুদানও বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে রাষ্ট্রীয় তহবিল থেকে অনুদান দেওয়া হয়। এবার ট্রাস্টের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার দুর্গাপূজার অনুদান এক কোটি টাকা বাড়ানো হয়েছে।

একইভাবে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুই কোটি টাকা অনুদান চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় তাদের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কঠিন চীবর দান অনুষ্ঠানের জন্য চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও সাধারণত বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট শাখা বা বিশেষ সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলোও সাধারণত চালু থাকে।

তবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমসহ প্রয়োজনীয় কিছু প্রতিষ্ঠানেও কর্মীদের দায়িত্বে থাকতে হতে পারে।

দুর্গাপূজা ঘিরে টানা পাঁচ দিনের ছুটি থাকায় হিন্দুধর্মাবলম্বীদের এ উৎসব উদ্‌যাপনের সুযোগ বাড়ছে। পাশাপাশি অনুদানের ক্ষেত্রেও চাহিদার চেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে একটি ভিন্ন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়েছেন, কিন্তু আমরা ছুটি পাচ্ছি পাঁচ দিন। এতে উৎসবটা পরিপূর্ণ ও স্বস্তিদায়ক হবে। আর প্রস্তাবের বেশি অনুদান দেওয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব সম্প্রদায়ের ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এটা খুবই ইতিবাচক।’