রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৬০ বছর বয়সী মকসেদ আলীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। শনিবার উপজেলার রায়পুর খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। এ সময় মকসেদ আলী তাঁকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সোমবার দুপুর ১২টার দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তরুণীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে চারঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মকসেদ আলী রায়পুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।