বুধবার, 4 নভেম্বর 2026
সকল বিভাগ

চুক্তির পর প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর প্রথমবারের মতো দেশটিতে ডিজেল রপ্তানি করছে রাশিয়া। দেশটির বাল্টিক সাগর উপকূলের একটি বন্দর থেকে ডিজেলবোঝাই ট্যাংকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, ট্যাংকারটি নিউইয়র্কে পৌঁছাতে পারে আগামী ৭ নভেম্বর।

চুক্তির পর প্রথমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার ডিজেল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তির পর প্রথমবারের মতো দেশটিতে ডিজেল রপ্তানি করছে রাশিয়া। দেশটির বাল্টিক সাগর উপকূলের একটি বন্দর থেকে ডিজেলবোঝাই ট্যাংকার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, ট্যাংকারটি নিউইয়র্কে পৌঁছাতে পারে আগামী ৭ নভেম্বর।

যুক্তরাষ্ট্রে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে চলতি মাসে রাশিয়ার সঙ্গে এই চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জ্বালানির দাম কমিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞার কিছু বিধানও শিথিল করেছেন ট্রাম্প। পাশাপাশি জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে ইউরোপের দেশগুলোকে জরুরি মজুত থেকে আরও তেল ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে ইউরোপে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন।

জাহাজ চলাচলবিষয়ক তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী মাঝারি আকারের ট্যাংকার ‘আগিওই ফ্যানেন্ডেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৪০ হাজার টন অতি কম সালফারযুক্ত ডিজেল নিয়ে যাত্রা শুরু করে। তবে এই চালানের ক্রেতা ও বিক্রেতা কারা, তা এখনো জানা যায়নি।

ট্যাংকারটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইস্টার্ন মেডিটেরেনিয়ান মেরিটাইম লিমিটেড (ইস্টমেড) জানিয়েছে, জাহাজটি উত্তর আটলান্টিকের দিকে যাওয়ার পথে নতুন নির্দেশনার অপেক্ষায় রয়েছে। তবে এর গন্তব্য নিউইয়র্ক কি না, তা নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

ইস্টমেডের এক কর্মকর্তা জানিয়েছেন, ডিজেল খালাসের জন্য কোন বন্দর বা দেশ নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর যুক্তরাষ্ট্রে এটিই হতে যাচ্ছে রাশিয়ার প্রথম জ্বালানি চালান।

এর আগে গত ৯ অক্টোবর ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে ৩ লাখ টন বা ২২ লাখ ৫০ হাজার ব্যারেল ডিজেল রপ্তানি করবে। নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর পরপরই অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহের পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চুক্তির আওতায় প্রথম ট্যাংকারটি রাশিয়া ছেড়েছে বলে নিশ্চিত করেছেন। তবে জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, নাকি অন্য কোনো দেশের বাজারে পণ্য সরবরাহ করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পেসকভ বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ট্যাংকারটি ইতোমধ্যে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে যাত্রা করেছে। এখন থেকে নিয়মিতভাবে আরও জ্বালানি চালান পাঠানো হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ডিজেল রপ্তানির ওপর রাশিয়ার নিজস্ব আরোপ করা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।