শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

হরমুজ প্রণালি খুলতে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা পর্যালোচনা করছে তেহরান। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

হরমুজ প্রণালি খুলতে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা পর্যালোচনা করছে তেহরান। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। সংঘাত বন্ধে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি হয়েছিল। পরে সেই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং দুই পক্ষের মধ্যে থেমে থেমে আবার হামলা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের মাঝামাঝি হরমুজ প্রণালি নিয়ে নতুন একটি প্রস্তাব দেয় ইরান। পরে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথাও নিশ্চিত করে তেহরান। তবে এরপর আলোচনা খুব একটা এগোয়নি।

গত রোববার ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান জানান, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনা শুরুর জন্য তেহরান সাতটি শর্ত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জবাবে শর্তগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের মতপার্থক্যের অন্যতম বিষয় দেশটির পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন চায়, নতুন করে যেকোনো আলোচনা শুরু হলে শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হোক। তবে তেহরানের অবস্থান আলাদা। ইরানের মতে, প্রথমে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ওই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা প্রয়োজন।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে সংঘাত শুরুর পর এই নৌপথ দিয়ে পণ্য পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সূত্র: রয়টার্স