নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের একটি কার্যালয় ভাঙচুর করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার মৌখাড়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কার্যালয়টির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা (৭৫)। তিনি মৌখাড়া এলাকার বাসিন্দা এবং বড়াইগ্রাম পৌরসভা ও সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গোলাম মওলা জানান, ২০০৪ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিত অনুমতি নিয়ে জায়গাটি বড়াইগ্রাম পৌরসভা ও সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বড়াইগ্রাম পৌর ও ইউনিয়ন কার্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই তিনি সেখানে কমান্ডারের দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, গত বুধবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন মৌখাড়া বাজারে অবস্থিত কার্যালয়টির আসবাব ভাঙচুর করেন। এ সময় তাঁরা তিনটি কাঠের জানালা ও লোহার গ্রিল, ১৪টি প্লাস্টিকের চেয়ার, টেবিল, লোহার গদিযুক্ত চেয়ার, আলমারি এবং মুক্তিযোদ্ধা সদস্যদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান।
গোলাম মওলা আরও বলেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত দল ক্ষমতায় থাকার সময় এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।
কার্যালয়ের পাশের চায়ের দোকানি নিজাম উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই কার্যালয়ের সামনে চায়ের দোকান চালাচ্ছেন। মুক্তিযোদ্ধারা নিয়মিত কার্যালয়টি ব্যবহার করেন। গত বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরদিন বৃহস্পতিবার সকালে এসে দেখেন, কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে এবং সেখানকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা এ কার্যালয়ে যাতায়াত করছেন। স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত। তিনি প্রশ্ন করেন, ‘এই পরিস্থিতি দেখার জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকারবলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি জানার পর তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।