দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে ককপিটে পাইলটদের মধ্যে সংঘর্ষের পর সেটিকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল। ওই উড়োজাহাজে ১৫০ জনের বেশি ইসরায়েলি যাত্রী ছিলেন।
বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুই ইসরায়েলি সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের ‘ফ্লাইট ১০৭৩’-এর কো-পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, উড়োজাহাজটির ক্যাপ্টেন ও যাত্রীরা এ তথ্য জানিয়েছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় উড়োজাহাজ ব্যবহার করে টুইন টাওয়ারে হামলার পর সম্ভাব্য ছিনতাই বা আকাশপথের সন্ত্রাসী হামলা মোকাবিলায় দীর্ঘদিনের একটি প্রটোকল অনুসরণ করে ইসরায়েল। সূত্রগুলোর দাবি, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা মোকাবিলা করা হবে, সে প্রস্তুতি দেশটির বাহিনী আগে থেকেই নিয়ে রেখেছিল।
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি হঠাৎ ১৪ হাজার ফুট নিচে নেমে গেলে ইসরায়েলি বিমানবাহিনী ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে কোনো সাড়া না পাওয়ায় জরুরি কমিটি গঠন এবং কমান্ড সেন্টার সক্রিয় করা হয়। একই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমান জরুরি ভিত্তিতে আকাশে পাঠানো হয় এবং দেশটির আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
তবে উড়োজাহাজটি ইসরায়েল থেকে প্রায় ৪০০ মাইল দূরে থাকা অবস্থায় সৌদি আরবের দিকে ঘুরে যায়। সৌদি আরবও নিজেদের যুদ্ধবিমান আকাশে পাঠালে ইসরায়েল তাদের যুদ্ধবিমান ফিরিয়ে নেয়।
সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নির্দিষ্ট দূরত্বে পৌঁছালে ইসরায়েলি যুদ্ধবিমান জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে ককপিট ও যাত্রী কেবিনের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণের পরিকল্পনা করেছিল।
যদি উড়োজাহাজটি ছিনতাই করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যেত এবং ছিনতাইকারীরা বেতার যোগাযোগ না করে কোনো দাবি জানাত না, তাহলে সংশ্লিষ্ট বিশেষ কমিটি প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাত।
ইসরায়েলের ওই প্রটোকল অনুযায়ী, উড়োজাহাজটি তেল আবিবের আজরিয়েলি টাওয়ার, বিমানবন্দর কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করে শত শত মানুষের প্রাণহানির চেয়ে আকাশেই সেটিকে গুলি করে ধ্বংস করাকে তুলনামূলক কম ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। তবে উড়োজাহাজ ভূপাতিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল প্রধানমন্ত্রীর।
ঘটনার সময় আহত পাইলট কো-পাইলটের সঙ্গে ধস্তাধস্তি করে ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে উড়োজাহাজে থাকা কয়েকজন ইসরায়েলি যাত্রী ও ফ্লাইদুবাইয়ের কর্মীরা হামলাকারী কো-পাইলটকে ধরে ফেলেন।
এরপর বিমানে যাত্রী হিসেবে থাকা দুই ‘অফ-ডিউটি’ পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। পরে তারা সৌদি আরবের তাবুক শহরে জরুরি অবতরণ করান।
ইসরায়েলের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ঘটনাটি একজন ব্যক্তির পরিকল্পিত বা ‘লোন-উলফ’ হামলা। হামলাকারী কো-পাইলটের নাম হামাম আল হামামি। তিনি ওমানের নাগরিক।
সংযুক্ত আরব আমিরাতে জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন, ফ্লাইদুবাইয়ে চাকরি নেওয়ার আগেই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি উড়োজাহাজ আছড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন। এর আগে তিনি ইসরায়েলে উড়োজাহাজ চালিয়েও গেছেন।