ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুই সেনাসদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এ নিয়ে যুদ্ধে এখন পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। তবে ইরানের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে নিহত হওয়া দুই সেনাসদস্যই দেশটির বিমানবাহিনীর সদস্য। তবে তারা সরাসরি যুদ্ধ বা সংঘর্ষে প্রাণ হারাননি বলে জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের প্রকাশিত মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর তালিকায় নতুন করে ওই দুই সেনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মৃত্যু দুটি পৃথক অযুদ্ধজনিত ঘটনায় হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের একজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। অন্য সেনার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
পেন্টাগনের তথ্য বলছে, নতুন করে নিশ্চিত হওয়া দুই সেনার মৃত্যুর সঙ্গে যুদ্ধের সরাসরি সংঘর্ষের কোনো সম্পর্ক নেই। তবে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনাদের মধ্যে কতজন সরাসরি হামলা বা সংঘর্ষে এবং কতজন অযুদ্ধজনিত ঘটনায় প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে দুই সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর যুদ্ধে দেশটির সামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে ইরানের দাবি, মার্কিন সেনাদের নিহতের প্রকৃত সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রকাশিত হিসাবের তুলনায় কয়েক গুণ বেশি।