যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে একটি ছোট বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে রবিনসন আর২২ মডেলের একটি হেলিকপ্টার এবং এয়ারবাসের তৈরি আরেকটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় হেলিকপ্টারই মহাসড়কের পাশের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।
নিহতদের একজন ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক। তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন যুক্তরাজ্যের একজন শিক্ষানবিশ পাইলট। অন্য হেলিকপ্টারটিতে থাকা একমাত্র আরোহীও দুর্ঘটনায় প্রাণ হারান।
কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসন আর২২ হেলিকপ্টারে থাকা ফ্লাইট প্রশিক্ষকের নাম ম্যাডি আসবো। তবে যুক্তরাজ্যের শিক্ষানবিশ পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তার স্বজনদের দুর্ঘটনার খবর জানাতে কনস্যুলেট ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্য হেলিকপ্টারটির আরোহী ছিলেন ৩৮ বছর বয়সী টাইলার ডেলেন স্টারডেভ্যান্ট। তিনি ওরেগনের নিউবার্গ এলাকার বাসিন্দা ছিলেন।
এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাটি তদন্তে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাস্থলে পৌঁছেছে।
দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টার পরিচালনা করত জেরি ট্রিম্বল হেলিকপ্টারস নামের একটি ফ্লাইট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দর থেকে পরিচালিত হয়।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িত হওয়ায় তারা গভীরভাবে শোকাহত। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
এদিকে উদ্ধারকাজ ও তদন্ত কার্যক্রম চলমান থাকায় সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।