শুক্রবার, 30 অক্টোবর 2026
সকল বিভাগ

পুলিশের পোশাকে ধাওয়া, নদীতে ঝাঁপ দেন তাহসিফ: দীপ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার দিন পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করেছিলেন। একপর্যায়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। এদিকে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মহানগর উত্তর। এরপর তাঁকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, ঘটনার দিন তাঁরা একটি নির্দিষ্ট স্থানে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে দীপ সেখান থেকে পালিয়ে যান।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, দীপের দেওয়া তথ্যগুলো সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। পুলিশের পোশাক পরা কারা তাঁদের ধাওয়া করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিলেন, সেটিও নম্বরপ্লেটবিহীন ছিল। সিসিটিভি ফুটেজে বিষয়টি দেখা গেছে।

বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হন তাহসিফ

গত মঙ্গলবার রাতে বন্ধু দীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন বুধবার বিকেলে রাজধানীর উপকণ্ঠে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাঁর ছেলে। রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাহসিফের ফোন থেকে তাঁর মায়ের মোবাইলে একটি খুদে বার্তা আসে। সেখানে লেখা ছিল, তিনি বাসায় ফিরছেন।

তবে বার্তাটি পাঠানোর সময় তাহসিফ কোনো চাপের মধ্যে ছিলেন বা ব্যস্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের মনে হয়েছে। ওই বার্তা পাওয়ার পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশত্যাগের সময় ধারণ করা একটি আলোচিত ভিডিওর কারণে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছিলেন সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তা।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনে পিবিআইয়ের একাধিক দল তদন্ত চালিয়ে যাচ্ছে।