প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ কাউন্সিল। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ ও পর্যটন খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে স্বাগত জানায় ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা। এ সময় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তরুণদের কর্মদক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি আন্তর্জাতিক সংযোগ জোরদার করা এবং দেশের পর্যটন খাতের বিকাশেও ব্রিটিশ কাউন্সিলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের শিক্ষা ও পর্যটন খাতে অর্থবহ যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ধরনের সহযোগিতা দেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব রাখতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য অর্জনে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী ব্রিটিশ কাউন্সিল।