ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর কাব্য কর্ণাটককে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ধৌলা কুয়ান এলাকা থেকে তাকে আটক করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যন্তর মন্তরে যাওয়ার পথেই তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কেকে ক্রিয়েট’ নামে পরিচিত কাব্য কর্ণাটককে আটকের সময় দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিজুড়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বিক্ষোভে যোগ দেওয়ার আগেই কাব্যকে আটকের ঘটনা কর্মসূচিকে ঘিরে উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিক্ষোভের আগেই আটক একাধিক পরিচিত মুখ
১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা দিল্লিতে জড়ো হন। নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
কর্মসূচি শুরুর আগেই দিল্লি পুলিশ ধ্রুব রাঠি, তুষার গান্ধী, অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সিজেপি।