শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

পাটপণ্য ও পিইটি ফিল্মে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করা, স্থলবন্দরভিত্তিক রপ্তানি বিধিনিষেধ প্রত্যাহার এবং পাটপণ্য ও পিইটি ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ভারতের বাজারে বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে ঢাকা।

পাটপণ্য ও পিইটি ফিল্মে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করা, স্থলবন্দরভিত্তিক রপ্তানি বিধিনিষেধ প্রত্যাহার এবং পাটপণ্য ও পিইটি ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ভারতের বাজারে বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে ঢাকা।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজিটি) ১৬তম বৈঠকের দ্বিতীয় দিন শুক্রবার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুই দিনের বৈঠকটি শুরু হয়েছিল ৮ অক্টোবর। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করা, স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক পণ্য পরিবহনব্যবস্থা কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে দেশীয় রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ পর্যালোচনা ও প্রত্যাহারের বিষয়টি তুলে ধরা হয়। ভারতীয় বাজারে পণ্যের প্রবেশাধিকার সহজ করতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পাশাপাশি বাণিজ্য প্রতিকারমূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

এলডিসি থেকে উত্তরণের পর ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিপণ্যের শুল্কসুবিধা কীভাবে বহাল রাখা যায়, সেটিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) চুক্তির আওতায় বর্তমানে পাওয়া সুবিধাগুলো উত্তরণের পরও অব্যাহত রাখার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে।

পণ্যের মান নির্ধারণে সামঞ্জস্য প্রতিষ্ঠা, দুই দেশের মধ্যে মানসংক্রান্ত সনদের পারস্পরিক স্বীকৃতি এবং ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) প্রয়োজনীয় সনদ পাওয়ার প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি পণ্য পরিবহনের সুযোগ বাড়ানোর বিষয়টিও বাংলাদেশের অগ্রাধিকারে ছিল। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ সম্প্রসারণের বিষয়টি আলোচনায় তোলা হয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সিইওস ফোরাম কার্যকর করার বিষয়েও প্রস্তাব দিয়েছে ঢাকা।

স্থলবন্দর দিয়ে বাণিজ্য নির্বিঘ্ন করতে ভারতের স্থল কাস্টমস স্টেশনগুলোর অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বৈঠকে। বাংলাদেশের পক্ষ থেকে প্রবেশপথ, পার্কিং ইয়ার্ড, গুদাম ও শেডের পাশাপাশি পণ্য পরীক্ষা এবং কোয়ারেন্টিন সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। সীমান্তবর্তী স্থলবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি ও পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে তুলার সুতা ও অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের নির্দিষ্ট স্থলবন্দরে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি দেশটির আলোচ্যসূচিতে ছিল। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির বাধা দূর করা, আঞ্চলিক যোগাযোগ উন্নত করা এবং বহুমাত্রিক পরিবহনব্যবস্থা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

আখাউড়া-আগরতলা সংযোগসহ সংশ্লিষ্ট বাণিজ্যিক রুটগুলোর কার্যকারিতা বৃদ্ধি, বাংলাদেশ-ভারত রেল যোগাযোগের উন্নয়ন এবং সীমান্ত হাটসংক্রান্ত বিষয়ও আলোচনায় স্থান পায়।

ভৌগোলিক নৈকট্য ও আঞ্চলিক যোগাযোগের সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে বাজারে প্রবেশের বাধা দূর করার পাশাপাশি সীমান্তে পণ্য পরিবহন ও খালাসের সীমাবদ্ধতা নিরসন প্রয়োজন বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। যৌথ ওয়ার্কিং গ্রুপের আলোচনার মাধ্যমে এসব বিষয়ে অগ্রগতি ও কার্যকর উদ্যোগ নেওয়ার পথ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

জেডব্লিউজিটির বৈঠক সাধারণত বছরে একবার অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৫তম বৈঠক হয়েছিল ২০২৩ সালের ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঢাকায়। এর আগে ১৪তম বৈঠক হয় ২০২২ সালের ২ ও ৩ মার্চ নয়াদিল্লিতে।

২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে শীতলতা দেখা দেয়। এর ফলে নিয়মিত এ বৈঠক আর অনুষ্ঠিত হয়নি।

এর মধ্যে ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করে। তবে সমুদ্রপথে সুতা আমদানির সুযোগ চালু রাখা হয়। এর কয়েক সপ্তাহ পর ভারত স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও পিভিসিসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। একই বছরের জুনে পাট ও কিছু বস্ত্রজাত পণ্যের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আগের বৈঠকগুলোতে স্থলবন্দর ও সমন্বিত চেকপোস্টের অবকাঠামো উন্নয়ন, বন্দরসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার, সীমান্ত হাট চালু, রেলপথে পণ্য পরিবহন, আঞ্চলিক যোগাযোগ এবং পণ্যের মান সমন্বয় ও পারস্পরিক স্বীকৃতি নিয়ে আলোচনা হয়েছিল।

এ ছাড়া বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) প্রস্তুতি ও যৌথ সমীক্ষা, বাংলাদেশে নিত্যপণ্য সরবরাহ এবং পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ও আগের বৈঠকগুলোর আলোচ্যসূচিতে ছিল।