শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং অধিদপ্তরের মহাপরিচালককে অপসারণসহ চার দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন।

সাদিক কায়েমের চার দফা দাবির মধ্যে রয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সব সিন্ডিকেট শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনা স্থায়ীভাবে বন্ধ করা। প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি।

এ ছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনায় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন সাদিক কায়েম।

এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি চাকরিপ্রার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।

তবে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। এ সময় মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়কে সড়ক অবরোধ করেন তাঁরা। এ ছাড়া মিরপুরে বাঙলা কলেজের মূল ফটকের সামনেও বিক্ষোভের খবর পাওয়া যায়।