খুলনা নগরীতে ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে। এদিকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তবে পুরো ঘটনাটিকে কিছুটা ‘রহস্যজনক’ বলে মনে করছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী স্বামী পরিত্যক্তা। গত বছর তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে মোরেলগঞ্জ উপজেলার সাবেক এক চেয়ারম্যানের সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। তবে একপর্যায়ে সেই আলোচনা স্থগিত হয়ে যায়।
অভিযোগ রয়েছে, এই সুযোগে সাইফুল ইসলাম রাতে ফোন করে ওই তরুণীকে ডেকে নেন। এরপর সোনাডাঙ্গার হাফিজনগর রোডের শেষ মাথায় একটি বাড়িতে তাঁরা সারা রাত অবস্থান করেন।
শনিবার সকালে ওই তরুণী থানায় ফোন করে ধর্ষণের অভিযোগ জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং সাইফুলকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শনিবার সকালে ওই তরুণী স্বেচ্ছায় তাঁর ঘরে এসেছিলেন। এ ছাড়া আগে একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে আপস-মীমাংসার আলোচনা চলছিল বলেও দাবি করেন তিনি।
এসআই সাইফুর রহমান আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ভুক্তভোগী তরুণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত তিনি থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।