প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনে দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, হুরে জান্নাতকে খুলনা, মর্জিনা আক্তারকে মাদারীপুর, মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, জি এম সরফরাজকে হবিগঞ্জ, ইসরাত জাহাজ কেয়াকে নরসিংদী, শিল্পী রানী রায়কে মেহেরপুর, মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং সানিউল হককে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিদায়ী ডিসিদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে পরবর্তী পদায়নের জন্য।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এ পদটি গত ছয় মাস ধরে শূন্য ছিল।
উল্লেখ্য, এপিডি অনুবিভাগকে সিভিল সার্ভিসের অন্যতম প্রভাবশালী বিভাগ হিসেবে ধরা হয়, কারণ এটি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের নিয়োগ, বদলি, পদায়ন এবং পদোন্নতি কার্যক্রম তদারকি করে।