শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

১১ লাখ ফলোয়ার নিয়ে মেরলিনের বিশ্বরেকর্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হতে মানুষ নানা কৌশল অবলম্বন করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি শূকর কেবল নিজের বুদ্ধিমত্তার জোরেই লাখো মানুষের মন জয় করেছে। শুধু জনপ্রিয়তাই নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে সে।

১১ লাখ ফলোয়ার নিয়ে মেরলিনের বিশ্বরেকর্ড
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া শূকর মেরলিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হতে মানুষ নানা কৌশল অবলম্বন করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি শূকর কেবল নিজের বুদ্ধিমত্তার জোরেই লাখো মানুষের মন জয় করেছে। শুধু জনপ্রিয়তাই নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে সে।

চার বছর বয়সী এই শূকরটির নাম মেরলিন। গত ২৩ ফেব্রুয়ারি তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যায়। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা শূকর হিসেবে স্বীকৃতি পেয়েছে মেরলিন। এই সাফল্যের পেছনে রয়েছে তার মালিক মিনা আলালির দীর্ঘদিনের প্রচেষ্টা।

মেরলিনের জনপ্রিয়তার যাত্রা শুরু হয় ২০২২ সালের মার্চে। তখন তার বয়স ছিল মাত্র তিন মাস। ওই সময় মিনা আলালি তাকে দত্তক নেন এবং শুরু করেন বিশেষ ধরনের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের ফলই এখন দেখা যাচ্ছে তার আচরণ ও দক্ষতায়।

ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মেরলিন সাধারণ কোনো শূকর নয়। তার আচরণ দেখে অনেকেই বিস্মিত হন। তাকে বেশ বুদ্ধিমান বলেই মনে হয়।

ঘরের ভেতরে রাখা ৩০টির বেশি বিশেষ ‘বোতাম’ ব্যবহার করে সে নিজের প্রয়োজন প্রকাশ করতে পারে। ক্ষুধা লাগলে কিংবা বাইরে যেতে চাইলে নির্দিষ্ট বোতাম চাপ দেয় মেরলিন। বোতামগুলোতে আগে থেকেই মানুষের কণ্ঠে রেকর্ড করা শব্দ থাকে, যা চাপ দিলে তার চাহিদার কথা শোনা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শূকরের এমন বিপুল জনপ্রিয়তা আগে দেখা যায়নি। মেরলিনের বুদ্ধিমত্তা ও মানুষের মতো আচরণ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকের মতে, ধৈর্য ও ভালোবাসা পেলে প্রাণীরাও যে অসাধারণ দক্ষতা দেখাতে পারে—মেরলিন তারই উদাহরণ।

সাধারণভাবে শূকরকে অনেক সময় অলস বা অপরিচ্ছন্ন প্রাণী হিসেবে ভাবা হয়। তবে মেরলিনের জীবনযাপন সেই ধারণাকে বদলে দিচ্ছে। নেটিজেনদের কাছে সে এখন শুধু একটি প্রাণী নয়, বরং এক বিস্ময়ের নাম।