দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পাশাপাশি ভারতের গুজরাট রাজ্যে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ঘন ঘন এই ভূকম্পনে দুই দেশের সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে অনুভূত হওয়া ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চল এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই কম্পনের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় প্রবল কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
অন্যদিকে, ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় নজিরবিহীন ঘন ঘন ভূকম্পন রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত ১২ ঘণ্টার ব্যবধানে মোট ৯টি কম্পন অনুভূত হয়। ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, রাজকোটের উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার গভীরে ছিল এসব কম্পনের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে কম্পনগুলো ‘মাইনর’ শ্রেণিভুক্ত হওয়ায় কোনো জানমালের ক্ষতি হয়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে এতগুলো কম্পনকে বিশেষজ্ঞরা ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি থাকলেও রাজকোটে এই ধারাবাহিক কম্পন নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। উভয় দেশের আবহাওয়া দপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।