শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

১২ টন কিটক্যাট চকলেটসহ ট্রাক নিখোঁজ

ইউরোপজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এক অদ্ভুত চুরির ঘটনা—প্রায় ১২ টন কিটক্যাট চকলেট বোঝাই একটি ট্রাক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

১২ টন কিটক্যাট চকলেটসহ ট্রাক নিখোঁজ

ইউরোপজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এক অদ্ভুত চুরির ঘটনা—প্রায় ১২ টন কিটক্যাট চকলেট বোঝাই একটি ট্রাক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।

শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে সুইস খাদ্যপণ্য জায়ান্ট নেসলে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন চকলেট সিরিজের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বার বহনকারী ট্রাকটি ইতালির মধ্যাঞ্চলের একটি উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে পথিমধ্যে সেটি ‘নিখোঁজ’ হয়ে যায়।


ট্রাকটি ঠিক কোথায় হারিয়ে গেছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নেসলে। শনিবার বিকেল পর্যন্ত যানবাহন কিংবা পণ্য—কোনোটিরই সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানিটি জানিয়েছে, কিটক্যাট বিক্রির ওপর নজরদারি করা সম্ভব। নিজেদের জনপ্রিয় স্লোগানের প্রসঙ্গ টেনে ব্র্যান্ডটির এক মুখপাত্র বলেন,
“আমরা সবসময় মানুষকে কিটক্যাটের সাথে একটু বিরতি নিতে উৎসাহিত করেছি। কিন্তু মনে হচ্ছে চোরেরা বার্তাটি একটু বেশিই আক্ষরিকভাবে নিয়েছে এবং ১২ টনের বেশি চকলেট নিয়ে সত্যিই ব্রেক নিয়ে ফেলেছে।”

এই ঘটনার প্রভাব ইউরোপের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছে নেসলে। তাদের মতে, কিছু দেশে সুপারমার্কেটগুলোতে এই জনপ্রিয় ওয়েফার চকলেট বারের ঘাটতি দেখা দিতে পারে।

একই সঙ্গে সতর্ক করা হয়েছে, চুরি হওয়া এসব চকলেট ‘অননুমোদিত বিক্রয় চ্যানেলে’ ঢুকে পড়তে পারে। তবে প্রতিটি বারে থাকা ইউনিক ব্যাচ কোডের মাধ্যমে এসব পণ্য শনাক্ত করা সম্ভব বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, কার্গো চুরির ঘটনা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানি। কিটক্যাট কর্তৃপক্ষ জানায়,
“অপরাধীদের রুচি যে অসাধারণ, তা আমরা স্বীকার করি। কিন্তু বাস্তবতা হলো, কার্গো চুরি এখন সব আকারের ব্যবসার জন্যই বাড়তে থাকা একটি সমস্যা।”

তারা আরও জানায়, ‘নিয়মিতভাবে আরও জটিল কৌশল ব্যবহার করা হচ্ছে (চুরির জন্য)। তাই আমরা আমাদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনতে চেয়েছি, যাতে এই ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়ে।’

সূত্র: ডয়েচে ভেলে