বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ১৫ দিনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধারাবাহিক এই ব্লক রেইডে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের আদালতে তোলা হলে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

১৫ দিনে রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২৬
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ১৫ দিনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ধারাবাহিক এই ব্লক রেইডে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীকালে তাদের আদালতে তোলা হলে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর এলাকার চিহ্নিত অপরাধপ্রবণ স্থানে এসব অভিযান চালানো হয়।

গত ২ থেকে ১২ মার্চ পর্যন্ত ডিবির বিভিন্ন বিভাগ পৃথকভাবে এই অভিযানগুলো সম্পন্ন করে। অভিযানের পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে ২২ জন এবং ৫ মার্চ যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লী বস্তি থেকে ১৪ জনকে আটক করা হয়। ৮ মার্চ পল্টন মোড় সংলগ্ন স্টেডিয়াম এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয় ৯ মার্চ শাহআলী মাজার এলাকায়, সেখান থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। একই দিন মতিঝিলের দৈনিক বাংলা মোড় থেকেও একজন ধরা পড়ে। ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটজন এবং বাসাবো এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ১১ মার্চ দক্ষিণখানের হাজিক্যাম্প, শাহজাহানপুর ও চকবাজারের বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করে ডিবি। এছাড়া ১২ মার্চ কারওয়ান বাজারে ব্লক রেইড চালিয়ে ১০ জনসহ স্টেডিয়াম ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে আরও ছয়জনকে আটক করা হয়।

ডিএমপি জানিয়েছে, অপরাধ দমনে এই বিশেষ অভিযান নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে আদালতের মাধ্যমে সাজার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।