বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: হাসিনাসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি ভবনে কথিত জঙ্গিবিরোধী অভিযানে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: হাসিনাসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি ভবনে কথিত জঙ্গিবিরোধী অভিযানে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানির জন্য সময় চান। প্রসিকিউশন আপত্তি না জানানোয় আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

শুরুতে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত ২১ জুলাই অভিযোগ গঠনের শুনানিতে মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি আখ্যা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। ভুক্তভোগীদের পরিবারের অনেক সদস্য তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যগ্রহণের সময় তাঁদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে।

এ সময় প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি বিবেচনায় আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষকে নতুন করে শুনানিতে অংশ নিতে হবে।

চলতি বছরের ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মামলাটি করা হয়েছে।