ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা করে মন্তব্যের জেরে গ্রেপ্তার নারী উদ্যোক্তা সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে তাঁকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
সাথী আক্তার (৩০) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
গত রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের দুটি ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করেন এবং ঘটনার বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।