শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাস বা ১৫০ দিনের মাথায় দেশের সবকটি মন্ত্রণালয়েই উল্লেখযোগ্য ও দৃশ্যমান সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাস বা ১৫০ দিনের মাথায় দেশের সবকটি মন্ত্রণালয়েই উল্লেখযোগ্য ও দৃশ্যমান সফলতা এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রেস উইং কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন। উপদেষ্টা মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান প্রশাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত পুনর্গঠন এবং দেশের ভেঙে পড়া অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

তিনি দৃঢ়তার সাথে দাবি করেন, মাত্র পাঁচ মাসের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করে সর্বস্তরের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমান প্রশাসন নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি এবং জাতীয় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কাজকে যুগপৎভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা ধাপে ধাপে দৃশ্যমান হচ্ছে।

বিগত আমলের কঠোর সমালোচনা করে প্রেস সচিব বলেন, অতীতে তথাকথিত উন্নয়নের নানা গালগল্প ও গালভরা প্রচার চালানো হলেও বাস্তবে বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চরম অবনতি ঘটেছিল। বিশেষ করে দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের ধর্মীয়, সামাজিক ও সুকুমার পারিবারিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, তা সবচেয়ে উদ্বেগজনক। তাঁর স্পষ্ট ভাষ্য, মানুষের মানসিক মনন ও পারিবারিক নৈতিক মূল্যবোধের গুণগত জাগরণ ছাড়া কোনো জাতীয় উন্নয়নই কখনো টেকসই হতে পারে না।

তিনি আরও উলেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী কথার চেয়ে মাঠপর্যায়ের বাস্তব কাজে বেশি বিশ্বাসী। একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি দেশের সকল রাজনৈতিক দল, মত ও আদর্শের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রেস সচিব স্মরণ করিয়ে দেন যে, রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শিক লড়াই ব্যালট বাক্সে বা নির্বাচনে থাকতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে দেশের প্রতিটি নাগরিককে এক কাতারে শামিল হতে হবে।