পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার চতুর্থ দিনে আজ (শুক্রবার) অগ্রিম টিকিট সংগ্রহে নজিরবিহীন লড়াই দেখা গেছে। সকাল ৮টায় আগামী ১৬ মার্চের টিকিট বিক্রি শুরুর মাত্র আধা ঘণ্টার মধ্যেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ১ কোটির বেশি হিট জমা পড়েছে। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় নিমিষেই শেষ হয়ে গেছে উত্তর ও পশ্চিমাঞ্চলগামী ট্রেনের প্রায় সব আসন।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ব্যবহারকারীরা ১ কোটি ৫ লাখ বার চেষ্টা (হিট) করেছেন। অথচ পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য ট্রেনের মোট আসন রয়েছে মাত্র ৩১ হাজার ২৫৫টি। আর ওই দিন সারাদেশে সব রুট মিলিয়ে মোট আসনসংখ্যা ১ লাখ ৭২ হাজার ৫২৮টি। বিপুল এই চাহিদার বিপরীতে আসনসংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।
আজ সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ১৪ হাজার ৪৪৩টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারাদেশে মোট ২০ হাজার ৩৩২টি আসনের বুকিং সম্পন্ন হয়। বেলা ১১টায় রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, চিলাহাটি, বেনাপোল, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম ও খুলনাগামী কোনো ট্রেনেই আর কোনো আসন অবশিষ্ট নেই।
সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে রেল কর্তৃপক্ষ দুই ভাগে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী পশ্চিমাঞ্চলের বিক্রি সকালে শেষ হলেও আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
রেলওয়ের বিশেষ সূচি অনুযায়ী, ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে আগামীকাল ৭ মার্চ। এছাড়া ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ অনলাইনে বিক্রি করা হবে।