বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমার জুনিয়রকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার
ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমার জুনিয়রকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

সিএনএন ব্রাজিলের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই অভিজ্ঞ ফরোয়ার্ড দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের ফিটনেস ও খেলার বর্তমান মান নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফ মোটেও সন্তুষ্ট নয় বলে জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেইমারের শারীরিক অবস্থা ও পারফরম্যান্স সরাসরি পর্যবেক্ষণের জন্য সান্তোস ও মিরাসোলের মধ্যকার একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু সেই ম্যাচে নেইমার মাঠে নামেননি, এমনকি গ্যালারিতে উপস্থিত থাকলেও কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। বিষয়টিকে কোচ এবং ফুটবল বোর্ডের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফুটবলের যে গতি ও দম প্রয়োজন, বর্তমান শারীরিক অবস্থায় নেইমারের তা নেই বললেই চলে।

নেইমারের সাম্প্রতিক আচরণও তার বাদ পড়ার পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। আনচেলত্তির প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের বিভিন্ন মন্তব্য সিবিএফ কর্মকর্তাদের ক্ষুব্ধ করেছে। কর্মকর্তাদের ধারণা, নেইমার নিজের বিশাল ভক্তগোষ্ঠী ও গণমাধ্যম প্রভাব ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। ফেডারেশন মনে করছে, নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দেওয়া হলেও তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে হাতে থাকা অল্প সময়ে নিজের ফিটনেস প্রমাণ করে কোচের মন জয় করা তার জন্য প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে।