শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক বরাবর নোটিশটি প্রেরণ করা হয়। এতে আগামী ১৫ দিনের মধ্যে শহীদ ও নির্যাতিত নারীদের একটি যাচাইকৃত জাতীয় তালিকা প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের একটি নির্ভুল তালিকা প্রণয়ন না করা ‘ঐতিহাসিক অবিচার’। সরকার বর্তমানে স্বীকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিলেও শহীদ পরিবার ও নির্যাতিত নারীদের পরিবারকে কোনো সুনির্দিষ্ট তালিকার আওতায় না এনে তাদের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা ‘সুস্পষ্ট বৈষম্য ও সংবিধানের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, শহীদদের উত্তরসূরি এবং জীবিত বা প্রয়াত বীরাঙ্গনাদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ নিশ্চিত করতে একটি সুসংহত নীতিমালা প্রণয়ন জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে উল্লেখ করেন, শহীদ ও নির্যাতিত নারীদের ত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করা এবং তাদের উত্তরসূরিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই আইনি উদ্যোগ নেওয়া হয়েছে।