পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এসব প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—আবু হাসান মুহম্মদ তারিক, মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভুঞা, কুসুম দেওয়ান এবং মো. তওফিক মাহবুব চৌধুরী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে মো. মাসুদুর রহমান পুলিশ সদর দপ্তরে টিআর পদে কর্মরত ছিলেন। তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে এবং কুসুম দেওয়ান নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।