শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত নিশ্চিত করার উদ্দেশ্যে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়টি মাথায় রেখে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শান্ত থাকতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে তিনি বলেন,
“সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাই, ৮ তারিখ (রোববার) পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে, ৮ তারিখে তারা জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করবে। তার আগে এ চিঠিতে তারা কী লিখেছে, সেটা আমাদের দেখাতে হবে। এটা না দেখিয়ে কোনো ধরনের ছলচাতুরী মার্কা চিঠি প্রেরণ করা যাবে না। এটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে।”
আব্দুল্লাহ আল জাবের আরও জানান,
“গতকাল থেকে আমরা শহিদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের আহ্বান জানিয়ে তার বাসভবনের সামনে অবস্থান করছিলাম। ওসমান হাদির স্ত্রী, তার সন্তান এবং আমরা—পুরোটা সময় ধরে কীভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এ দাবিটা আদায় করা যায়, সেটা নিয়ে আমাদের মতো করে এগোচ্ছিলাম। সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি।”
তিনি পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
“পুলিশের কিছু সদস্য অতর্কিত হামলা করেছে। আমাদের ভাইদের রক্তাক্ত করেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। যারা এ আক্রমণের সঙ্গে জড়িত রয়েছে, তাদের অতিদ্রুত বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাই। অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেমপ্লেট ছিল না, প্রত্যেকে মাস্ক পড়া ছিল। এ ধরনের হামলা তো আমরা দেখেছি ফ্যাসিবাদী হাসিনার আমলে। তাহলে কি যমুনা পাহারা দিচ্ছে হাসিনার পুলিশ লীগ? সেটা আমরা জানতে চাই।”