যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতায় বর্ণিত ষাট দিনের নির্ধারিত মেয়াদ এখন আর কার্যকর নয় বলে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে ইরান।
১৭ আগস্ট সোমবার এক সংবাদ সম্মেলনে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখ্য পাত্র ইসমাইল বাঘেই এই তথ্য নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ তোলেন যে, চুক্তি সই হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন তার প্রতিশ্রুত শর্ত ভঙ্গ করেছে।
সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘেই উল্লেখ করেন, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মাঝে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, তাতে ষাট দিনের মধ্যে কাজ শেষ করার বাধ্যতামূলক কোনো শর্ত উল্লেখ ছিল না। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের বহিরাগত চাপ, ভয়ভীতি প্রদর্শন কিংবা নির্দিষ্ট দিনক্ষণের ওপর নির্ভর করে ইরান কখনোই নিজেদের জাতীয় নীতি প্রণয়ন বা পরিবর্তন করে না।
তিনি বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করে জানান, প্রাথমিক চুক্তিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনার সুবিধার্থে ষাট দিনের একটি প্রাথমিক সময় নির্ধারণের কথা বলা হয়েছিল। তবে পরিস্থিতির প্রয়োজনে চূড়ান্ত সমাধান না আসা পর্যন্ত এই আলোচনার মেয়াদ বাড়ানোরও স্পষ্ট সুযোগ রাখা হয়েছিল।
ইরানি প্রতিনিধি দাবি করেন, মার্কিন প্রশাসন শুরুতেই চুক্তি ব্যাপকভাবে অমান্য করায় মূল আলোচনা কার্যক্রমই শুরু হতে পারেনি। এর ফলে পূর্বে উল্লেখিত ষাট দিনের সময়সীমার বিষয়টি তাদের কাছে সম্পূর্ণ অর্থহীন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।