সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে আয়োজিত চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন।
ড. আনোয়ারউল্লাহ চৌধুরী উল্লেখ করেন, শিক্ষার্থীদের কল্যাণ চিন্তা না করে প্রকৃত শিক্ষক হওয়া সম্ভব নয়। প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে বন্ধুর মতো দাঁড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও তাদের কাছ থেকে শেখার ইতিবাচক মানসিকতা বজায় রাখার তাগিদ দেন তিনি। উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ সাধনে প্রতিনিয়ত জ্ঞানচর্চা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সমান দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। একই সাথে হিট (HEAT) প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) সাধুবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে শিক্ষকদের আচরণগত দিক থেকেও সংযত ও দৃষ্টান্তমূলক হওয়া প্রয়োজন।
তিনি আরও জানান, হিট প্রকল্পের অধীনে দেশের প্রায় পাঁচ হাজার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপককে প্রশিক্ষণের আওতায় আনার রূপরেখা বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে একটি 'বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি' প্রতিষ্ঠার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
উল্লেখ্য, ইউজিসি আয়োজিত চার মাসের এই বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৮ জন শিক্ষক সফলভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউজিসি ও বাউবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রথীতযশা শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।